রাজনীতি

নারীবিদ্বেষমূলক পোস্ট-বঙ্গভবনের ই-মেইল ব্যবহার করে জামায়াত আমীরের এক্স অ্যাকাউন্ট হ্যাক

 

বিশেষ প্রতিনিধি : বঙ্গভবনের ই-মেইল ব্যবহার করে জামায়াত আমিরের ‘এক্স’ (সাবেক টুইটার) হ্যান্ডেল হ্যাক করার অভিযোগ উঠেছে। এ ঘটনার তদন্তের অগ্রগতি ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশের দাবি জানিয়েছে জামায়াতের প্রতিনিধি দল। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে বৈঠক শেষে জামায়াতের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট ৩১ জানুয়ারি ২০২৬ তারিখে হ্যাক হওয়ার অভিযোগ করেছে দলটি। হ্যাকিংয়ের সময় অ্যাকাউন্টটি থেকে নারীদের মর্যাদা ক্ষুণ্ণকারী একটি বিতর্কিত পোস্ট করা হয়। জামায়াত দাবি করেছে, এটি আমিরের ব্যক্তিগত অভিমত নয় এবং তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এই পোস্ট দেওয়া হয়েছে।

জামায়াতের আইটি টিমের তথ্যমতে, ৩১ জানুয়ারি বিকেল ৪:৩৭ মিনিটে হ্যাকাররা অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেয়। ৫:০৯ মিনিটে পাসওয়ার্ড পরিবর্তন করে অ্যাকাউন্টটি পুনরায় নিয়ন্ত্রণে আনা হয়। জামায়াত নেতারা অভিযোগ করেছেন যে, বঙ্গভবনের বা সরকারি কোনো ই-মেইল ঠিকানা ব্যবহার করে ফিশিং অ্যাটাকের মাধ্যমে এই সাইবার হামলা চালানো হয়েছে।

জামায়াতের দাবি, বঙ্গভবনের ই-মেইল অ্যাড্রেস ব্যবহার করে একটি ফিশিং মেইলের মাধ্যমে জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্টে অনুপ্রবেশ করা হয়। ওই অ্যাকাউন্ট থেকে স্বল্প সময়ের মধ্যে নারীবিদ্বেষমূলক একটি পোস্ট দেওয়া হয়, যা দলটির ভাষায় ডা. শফিকুর রহমানের অবস্থান ও রাজনৈতিক আদর্শের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক।
এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিকল্পিতভাবে এই সাইবার হামলা চালানো হয়েছে এবং এর পেছনে সরকারি ই-মেইল অপব্যবহারের প্রমাণ পাওয়া গেছে।

এর আগে এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী জানিয়েছে, হ্যাকিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ মেসেজ বঙ্গভবনের একটি ই-মেইল অ্যাড্রেস থেকে পাঠানো হয়েছে। ওই ই-মেইল থেকে জামায়াতের একাধিক জ্যেষ্ঠ নেতাকে সিসিতে রেখে ‘Case-Study-Election.accdr’ নামের একটি ফাইল পাঠানো হয়, যার বিষয় হিসেবে ‘আর্জেন্ট’ উল্লেখ ছিল।

এ বিষয়ে আজ (৩ ফেব্রুয়ারি) জামায়াতের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে গিয়ে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে। এ বিষয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া: ডা. শফিকুর রহমান আজ কিশোরগঞ্জে এক জনসভায় অভিযোগ করেছেন যে, একটি রাজনৈতিক দল এই হ্যাকিংয়ের ঘটনা নিয়ে “ব্যবসা” করছে । অন্যদিকে, জাতীয়তাবাদী ছাত্রদলসহ কিছু সংগঠন এই মন্তব্যের জন্য তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে।এ ঘটনায় রাজধানীর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং জামায়াত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন চেয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button