
ফতুল্লায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে বাড়ি ভাংচুর
বিএনপি সন্ত্রাসীদের-প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ
নারায়নগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় ৫০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় একটি অসহায় পরিবারের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তোলপাড় অবস্থা চলছে। ঘটনাটি একটি টেলিভিশন সংবাদে প্রচারের পর বিষয়টি বিএনপির শীর্ষ পর্যায়ে পৌঁছালে বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান তাতক্ষণিক তদন্তের নির্দেশ দেন এবং তার পক্ষ থেকে আর্থিক সহায়তার নির্দেশ দেন।
জানা গেছে, নারায়ণগঞ্জের ফতুল্লার শিবু মার্কেট পশ্চিম লামাপাড়া এলাকায় ৫০ লাখ টাকার চাঁদা দাবিকে কেন্দ্র করে এক পরিবারের ওপর নেমে আসে এই তাণ্ডব। এ ঘটনায় অভিযোগ উঠে, স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এই সন্ত্রাসীরা পরিবারটির বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটপাট করে নির্বিঘ্নে সটকে পড়ে। এসময় স্থানীয় থানায় ঘটনাটি জানানো হলেও তাতক্ষণিক সহায়তা পাওয়া য়ায়নি বলে অসহায় পরিবারটি জানিয়েছে।
পরে বিষয়টি বিএনপির শীর্ষ পর্যায়ে পৌঁছালে বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান তাতক্ষণিক তদন্তের নির্দেশ দেন এবং তার পক্ষ থেকে আর্থিক সহায়তার নির্দেশনা দেন।তিনি জেলা বিএনপিকে দায়িত্ব দেন অসহায় হয়ে পরিবারটি কাছে যেতে। সোমবার বিকাল ৫টার দিকে ঘটনাস্থলে যান মামুন মাহমুদসহ বিএনপির নেতাকর্মীরা। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং ঘর পুনর্নির্মাণে সহায়তার আশ্বাস দেন।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ বলেন, প্রাথমিকভাবে ১ লাখ টাকা সহায়তা দেওয়া হচ্ছে। যদি বিএনপির কেউ এই ঘটনার সাথে জড়িত থাকে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের গাফিলতি থাকলেও ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হবে। এ সময় তিনি আরও বলেন, বিএনপির বহিষ্কৃত নেতা গিয়াস উদ্দিনের অনুসারী যারা এ ঘটনার সাথে জড়িত বলে অভিযোগ উঠেছে তারা প্রকৃত বিএনপির কেউ নন। দলীয় পরিচয়ে কেউ অপরাধ করলে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।
এদিকে পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে।



